পাবনায় নকল বেকিং পাউডার ও কর্ন ফ্লাওয়ার তৈরির অভিযোগে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি-এর নেতৃত্বে সদর উপজেলার দক্ষিণ রাঘবপুর বাজারে এ অভিযান পরিচালিত হয়। এসময় স্থানীয় পুলিশের একটি চৌকস টিম সহায়তা করে।
অভিযানে দেখা যায়, এস এম ফুড নামে একটি প্রতিষ্ঠান বাসাবাড়িতে নকল ফসটার ক্লার্ক জাতীয় বেকিং পাউডার ও কর্ন ফ্লাওয়ার তৈরি করে বাজারজাত করে আসছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. মিঠু শেখ-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৪৪ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। পাশাপাশি নকল পণ্যগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, “আমি দায়িত্ব নেয়ার পর থেকেই দিন-রাত, ঝড়-বৃষ্টি কিংবা প্রচণ্ড খরতাপ—যে কোনো পরিস্থিতিতে জেলার প্রত্যন্ত এলাকা পর্যন্ত অভিযান পরিচালনা করছি। ভোক্তা স্বার্থ সুরক্ষায় আমি কোনো আপস করি না। তবে এই কাজ সফল করতে সবচেয়ে বেশি প্রয়োজন সাধারণ ভোক্তাদের, স্থানীয় জনসাধারণের এবং সাংবাদিকদের সহযোগিতা।”
তিনি আরও বলেন,
“যদি ভোক্তারা সঠিক তথ্য-প্রমাণ দিয়ে আমাদের সহায়তা করেন, স্থানীয় বাজার কমিটি ও ব্যবসায়ী সমিতি বাধা না দিয়ে সহযোগিতা করেন, আর সংবাদমাধ্যম নিয়মিত এ বিষয়ে সচেতনতা তৈরি করে, তবে নকল ও ভেজাল ব্যবসায়ীরা নিরুৎসাহিত হবে। প্রয়োজনে একই প্রতিষ্ঠানে বারবার অভিযান চালিয়ে জরিমানা, এমনকি সিলগালা পর্যন্ত করা হবে।”
উল্লেখ্য, এদিনে এক বাজারের একটি প্রতিষ্ঠানকেই জরিমানা করা হয়। তবে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।