‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি’ প্রতিপাদ্যে বাগেরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক ও জাতীয় যুবদিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে সদর উপজেলার বারাকপুরস্থ যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, মাছ অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলাম। যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মাও. মো. রেজাউল করিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ. সালাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শেখ বাদশা, এনসিপি নেতা লাবিব আহমেদ প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে সফল যুব উদ্যোক্তা ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কার্যালয়ের পুকুরে মাছ অবমুক্ত ও পুকুরপাড়ে বৃক্ষরোপণ করা হয়।