কারাগারে জায়গার তীব্র সংকট মেটাতে যুক্তরাজ্য সরকার ২৬ হাজার বন্দিকে আগেভাগেই মুক্তি দিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের মার্চের মধ্যে এই মুক্তি কার্যকর হয়।
মুক্তিপ্রাপ্তদের মধ্যে গুরুতর অপরাধে ১৪ বছর বা তার বেশি সাজাপ্রাপ্ত ২৪৮ জন আসামি ছিলেন। এর পাশাপাশি প্রায় ২ হাজার ৬০০ জন বিদেশি নাগরিকও মুক্তি পেয়েছেন। ব্রিটিশ বিচারমন্ত্রী শাবানা মাহমুদ জানিয়েছেন, এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল ‘পুরো কারাগার ব্যবস্থা ধসে পড়া থেকে রক্ষা করা’। গড়ে প্রতি মাসে ৩ হাজার ৪৬১ জন বন্দি মুক্তি পাচ্ছেন এবং সেপ্টেম্বর নাগাদ মুক্তিপ্রাপ্তদের সংখ্যা ৪৫ হাজারে পৌঁছাতে পারে।

তবে মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই কেউ কেউ আবার অপরাধে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। বিরোধী কনজারভেটিভ পার্টি এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে। দলের বিচারবিষয়ক মুখপাত্র রবার্ট জেনরিক বলেন, ‘এটি ভীতিকর। ব্রিটেন এখন আইনহীন মনে হচ্ছে।’
সরকার জানিয়েছে, তারা নতুন করে ১৪ হাজার কারাগার নির্মাণ করছে এবং সাজা প্রদানের নিয়ম সংস্কার করছে যাতে ভবিষ্যতে জেলখানায় ভিড় না হয়।